ইসলাম অবমাননার অভিযোগে বাউল সম্রাট আবুল সরকার গ্রেফতার
- প্রকাশিত হয়েছে: ০২:৪৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ১৭৬ শেয়ার
ইসলাম ধর্ম এবং আল্লাহর সৃষ্টিকে অবমাননার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাসিন্দা বাউল সম্রাট হিসেবে পরিচিত আবুল সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ভোরে মাদারীপুর জেলার একটি গানের অনুষ্ঠানস্থল থেকে তাকে আটক করা হয়।গত ৪ অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি গানের অনুষ্ঠানে ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে আবুল সরকারের বিরুদ্ধে। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় তৌহিদি জনতা, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষ এ ঘটনায় বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।আবুল সরকার কোরআনের আয়াত ভুলভাবে উচ্চারণ ও ভুল ব্যাখ্যা করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। তিনি নিজেকে পীর পরিচয় দিয়ে অনুসারীদের ভুল পথে পরিচালিত করারও অভিযোগ উঠেছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে, বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে সকালে তাকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হলে ধর্মপ্রাণ মুসল্লিরা আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ ঘটনায় ঘিওর থানায় আবুল সরকারের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।















