বকশীগঞ্জে হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ
- প্রকাশিত হয়েছে: ০২:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ১২ শেয়ার
মাহফুজুর রহমান সাইমন :
জামালপুরের বকশীগঞ্জে হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়কের হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
হাইওয়ে থানা সূত্রে জানা যায়, নিয়মিত দায়িত্ব পালনের সময় হাইওয়ে থানার সামনে দিয়ে একটি মোটরসাইকেল অতিক্রম করার সময় পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। পুলিশের সংকেত পেয়ে চালক মোটরসাইকেলটি থামিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের পেছনে বাঁধা একটি বস্তার ভেতর থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেল থানায় আনা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পালিয়ে যাওয়া চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।











