শেরপুর সরকারি শিশু পরিবারের শিশুদের খাবার ও স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের
- প্রকাশিত হয়েছে: ০৯:৩২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১০ শেয়ার
মাহফুজুর রহমান সাইমন শেরপুর :
শেরপুর সরকারি শিশু পরিবারের নিবাসী শিশুদের মানসম্মত খাবার, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা শতভাগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
রোববার (৩০ আগস্ট) জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সরকারি শিশু পরিবার ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটি’র নিয়মিত সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় জেলা প্রশাসক শিশু পরিবারের নিবাসী শিশুদের সার্বিক খোঁজখবর নেন। একই সঙ্গে গরমের উপযোগী পোশাক সরবরাহের জন্য জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
এ সময় শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে খাবারের মান বজায় রাখা এবং নিয়মিত ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। শিশুদের পরিচর্যা ও কল্যাণে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনেরও নির্দেশনা দেন তিনি।
সভায় জানানো হয়, চলতি বছর শেরপুর সরকারি শিশু পরিবারের তিনজন নিবাসী শিশু এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে একজন ইতোমধ্যে স্নাতক পর্যায়ে ভর্তি হয়েছে।
সভায় আরও বলা হয়, সরকারি শিশু পরিবারের নিবাসী শিশুদের নিরাপদ, সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় ভবিষ্যৎ গঠনে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।











