কালিয়াকৈরে অরক্ষিত সেফটি ট্যাংকে ঢাকনা না থাকায় শিশুর মৃত্যু
- প্রকাশিত হয়েছে: ০১:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ২০ শেয়ার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মুন্সির টেক এলাকায় একটি অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শ্যামনগর গ্রামের সাগর চন্দ্র রায়ের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের প্লে নার্সারির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশু বাবা-মার সঙ্গে উপজেলার মুন্সির টেক এলাকার মোজ্জাফর আলীর বাসায় ভাড়া থাকতো। বাবা পেশায় একজন চা দোকানদার। রোববার সন্ধ্যায় শিশুটি পাশের বাড়িতে প্রথম প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকার মাহমুদা বেগমের বহুতল ভবনের সামনে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে যায় সে।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত সফিপুরের তানহা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সেফটি ট্যাংকের ঢাকনা না থাকায় অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। বাড়ির মালিকের চরম উদাসীনতার কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। শিশুটির মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল ইসলাম। তিনি বলেন,শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় শিশুটির পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবিলম্বে উপজেলার সব অরক্ষিত সেফটি ট্যাংক ও ড্রেনে ঢাকনা দেওয়ার দাবি জানিয়েছেন।
কালিয়াকৈরের মুন্সির টেকে অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে দিনাজপুরের এক শিশুর মৃত্যু। বাড়ির মালিকের উদাসীনতাকে দায়ী করছেন এলাকাবাসী।









