কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদকে ঘিরে আলোচনা
- প্রকাশিত হয়েছে: ১০:২৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ৭৬ শেয়ার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হয়ে উঠছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কালিয়াকৈর উপজেলা শাখার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আহমেদ নামও আলোচনায় উঠে এসেছে। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন ধরে বিএনপি দলের রাজনীতি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় পরিচিতি অর্জন করেছেন পারভেজ আহমেদ । ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন সময়ে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে দলের নিজ এলাকা কালিয়াকৈরের মানুষের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, কৃষক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে পারভেজ আহমেদ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডেও তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকাবাসীর মধ্যে তার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।
একাধিক তৃণমূল নেতাকর্মী বলেন, “পারভেজ আহমেদ সবসময় দলের নেতাকর্মীদের পাশে থাকেন। আন্দোলন-সংগ্রাম কিংবা সাধারণ মানুষের প্রয়োজনে তাকে সব সময় পাওয়া যায়। এজন্য অনেকেই তাকে উপজেলা পরিষদ নির্বাচনে দেখতে চান।”
অন্যদিকে সাধারণ ভোটারদের মধ্যেও তাকে নিয়ে আলোচনা রয়েছে। অনেকেই মনে করছেন, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
তবে নির্বাচন ঘনিয়ে এলে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে পারভেজ আহমেদ বলেন, “রাজনীতি আমার কাছে মানুষের সেবা করার একটি মাধ্যম। আমি সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। যদি দলের সিদ্ধান্ত এবং এলাকাবাসীর সমর্থন পাই, তাহলে ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।











