গাজীপুরে চাঁদাবাজি, সাংবাদিককে আটকে রেখে মুক্তিপণ আদায়সহ একাধিক অভিযোগে তাহরিমা জান্নাত সুরভী (২১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে সুরভীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তাহরিমা জান্নাত সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, বর্তমান সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়ের অভিযোগের ভিত্তিতে সুরভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

ওই মামলায় সুরভীর বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিংয়ের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে যৌথবাহিনী মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ আরও জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাহরিমা জান্নাত সুরভীকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, তাহরিমা জান্নাত সুরভী নিজেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন। অভিযোগ রয়েছে, তিনি টঙ্গীসহ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।