রাজাধানী ঢাকা, গাজীপুরসহ আশপাশের এলাকায় তৃতীয় দফার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিটের দিকে সর্বশেষ এ কম্পন অনুভূত হয়।
এর আগে আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে দ্বিতীয় দফার ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩। মৃদু ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর পলাশে।
তারও আগে গত শুক্রবার (২১ নভেম্বর) দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওইদিন সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূ-কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী।
শুক্রবারের মাঝারি মানের ওই ভূমিকম্পে এখন পর্যন্ত সারাদেশে ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়াও ভূমিকম্পের সময় ভবন থেকে মাথায় ইট খসে পড়ে ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে সারাদেশে অন্তত ৪ শতাধিক মানুষ আহত হন।
এদিকে, শনিবার সকালের মৃদু ভূমিকম্পটি হয়েছিল নরসিংদী পলাশ উপজেলায়। যদিও প্রথমে শনিবার বেলা একটার দিকে আবহাওয়া অধিদপ্তর ৩ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎস জানিয়েছিল সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা।
পরে শনিবার বিকেল চারটার দিকে সংস্থাটি জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলা। বিশ্লেষণে সমস্যার কারণে এই ভুল হয়েছিল বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি আরো জহানায়, উৎপত্তিস্থল বাদে আর সব তথ্য একই রয়েছে।