গাজীপুরের কালিয়াকৈর উপজেলা রাখালিয়াচালা এলাকায় বুধবার রাত সাড়ে নয়টার দিকে সিলিন্ডারের গ্যাসের আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- আলী হোসেন, মোতালেব হোসেন, শফিকুর রহমান ও শামীম আহমেদ। এর মধ্যে শামীম আহমেদ ও আলী হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায় , উপজেলা রাখালিয়াচালা এলাকার মোতালে ওয়ার্কশপে এটি একটি বড় গ্যাস সিলিন্ডারের নিচে ছিদ্র করার সময় হঠাৎ দ্রুতগতিতে গ্যাস বেরিয়ে পাশের চায়ের দোকানের আগুনে ছড়িয়ে পড়ে। মোতালেব ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চা দোকানদার আলী হোসেন, চায়ের দোকানে বসা সফিকুল ইসলাম ও শামীম আহমেদ অগ্নিদগ্ধ হন। এসময় দোকানে কিছু মালামাল, সাইনবোর্ড পুড়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে প্রেরণ করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান বলেন, এ বিষয়টি কেউ জানায়নি। তবে ঘটনাস্থলে লোক পাঠানো হবে।