মাহফুজুর রহমান সাইমন শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়ন পরিষদের স্থায়ী ভবন কাংশা বাজারে নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার সকালে কাংশা বাজারে ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, এক সময় আয়নাপুর এলাকায় বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠলেও নদীভাঙনের কারণে সেসব এলাকা এখন অস্তিত্ব সংকটে রয়েছে।

এছাড়া আয়নাপুর ইউনিয়নের এক প্রান্তে অবস্থিত হওয়ায় সাধারণ মানুষকে সরকারি সেবা নিতে নানা ভোগান্তির শিকার হতে হয়।

বক্তারা আরও বলেন, কাংশা বাজার ইউনিয়নের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এখান থেকে ইউনিয়নের সব এলাকার মানুষ সহজেই যাতায়াত ও সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। তাই জনস্বার্থে এবং জনগণের সুবিধার কথা বিবেচনা করে কাংশা বাজারেই স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা কাংশা বাজারে ইউনিয়ন পরিষদের স্থায়ী ভবন নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে তাদের দাবির বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।