পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে গাজীপুরে বিশেষ ট্রাফিক ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। এ উপলক্ষে রবিবার (২৪ মে) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা সরকারি কলেজ মাঠে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফ উদ্দীন। তিনি ঈদকে কেন্দ্র করে কালিয়াকৈর থানাধীন নন্দন স্কয়ার পর্যন্ত মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানজট নিরসন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করা হবে।
একইসঙ্গে সড়কে কোনো ধরনের চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও কঠোর নজরদারি থাকবে। এ সময় উপস্থিত ছিলেন খন্দকার আশফাকুজ্জামান এবং মাহবুবুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও যানজট নিরসনে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা ব্রিফিংয়ে অংশ নেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যাত্রীসেবায় মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের সার্বক্ষণিক তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।