গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকায় ঝড়ে ভেঙে পড়া গাছ কাটতে গিয়ে আঃ আলিম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ মে কালবৈশাখী ঝড়ের সময় কালামপুর এলাকার একটি বড় গাছ ভেঙে পড়ে। এতে স্থানীয়দের চলাচলে সমস্যা সৃষ্টি হয়। পরে বুধবার সকালে গাছটি সরানোর জন্য আঃ আলিমসহ কয়েকজন কাজ শুরু করেন। একপর্যায়ে আঃ আলিম একটি বড় ডাল ধরে টান দিলে হঠাৎ ডালটি ভেঙে তার শরীরের ওপর এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, আঃ আলিম এলাকায় শান্ত ও পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনের মাঝে শোকের মাতম বিরাজ করছে। প্রতিবেশী ও স্বজনরা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকেই এমন দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণভাবে গাছ কাটার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।