গাজীপুরের কালিয়াকৈ উপজেলার ফুলবাড়িয়া বাগ চালা এলাকায় গরুচোর সন্দেহে পিটিয়ে ৩ জনকে হত্যা করার ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২শ জনের নামে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়,
রোববার ভোরের দিকে পিকআপ যোগে কয়েক ব্যক্তি উপজেলার ফুলবাড়িয়া এলাকার বাগচালা গ্রামে প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে গণপিটুনিতে ৩ জন মারা যায়।

এদিকে উত্তেজিত জনতা চোর বহনকারী পিকআপে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফুলবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মফিজুর রহমান বলেন, ঈদুল আযহা উপলক্ষে আমাদের এলাকায় গরু চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।
রোববার ভোর রাতে পিকআপ যোগে কিছু লোকজন এলাকায় প্রবেশ করলে তাদের গতিবিধিতে সন্দেহ হয়। পরে লোকজন তাদেরকে ঘেরাও করে ৩ জনকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ কালে তাদের কথায় অসংলগ্ন মনে হলে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে পুলিশে খবর দিলে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের ফুলবাড়িয়া ক্যাম্পের ইনচার্জ এসআই সফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত নামা ২শ জন ব্যাক্তির নামে হত্যা মামলা দায়ের করেন।থানায় মামলা দায়েরের বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে।

কালিয়াকৈর থানার (ওসি) শহিদুল ইসলাম জানান,গণপিটুনিতে সন্দেহভাজন ৩ ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্ত করা হয়েছে। অজ্ঞাত নামা ২০০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।