উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
এক কেজি গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ডিম, দুধ ও মাংসের উৎপাদন খরচের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন ব্যয়, সরবরাহব্যবস্থা ও বাজারমূল্য স্থিতিশীল রাখার প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে জানানো হয়, এক কেজি সোনালি মুরগির উৎপাদন খরচ ২৫৩ টাকা, ব্রয়লার মুরগি ১৬১ টাকা ৫৫ পয়সা এবং খাসির মাংসের উৎপাদন খরচ ৮৭৫ টাকা। এছাড়া একটি ডিম উৎপাদনের খরচ ১০ টাকা ৮১ পয়সা এবং এক কেজি দুধের উৎপাদন খরচ ৪৪ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। বৈঠকে উৎপাদন খরচের তুলনায় বাজারে দাম বেশি নেওয়ার অভিযোগ নিয়ে আলোচনা হয়। কমিটির পক্ষ থেকে মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা যাচাইয়ের সুপারিশ করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকারের সঙ্গে সমন্বয় করে বাজার তদারকির সুপারিশ করা হয়। বৈঠকে উৎপাদকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি পর্যালোচনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ অন্যান্য সংসদ সদস্যরা। সভাপতির বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বৈঠক শেষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে খামারিদের সহায়তা ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়।