উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
শেরপুর সদর থানায় দায়ের করা চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. নবী হোসেনকে (২০) জামালপুর থেকে গ্রেপ্তার করেছে (এসআরবি)-১৪-এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি দল।সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে জামালপুর সদর থানার বেলটিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নবী হোসেন শেরপুর সদর থানার বাসিন্দা।মামলার এজাহার সূত্রে জানা যায়, নবী হোসেন দীর্ঘদিন ধরে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হন। গত ২২ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে ওই তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। পরে ঘরে প্রবেশের সময় নবী হোসেন ও তাঁর সহযোগীরা ঘরের দরজা বন্ধ করে দেন। এ সময় নবী হোসেন তরুণীকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। তাঁর সহযোগীরাও ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে।এ সময় তরুণীর চিৎকার শুনে তাঁর বাবা ও প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা লাঠি ও লোহার রড দিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে কয়েকজন গুরুতর আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২৩ অক্টোবর শেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করেন। মামলাটির নম্বর ৪৯।(এসআরবি)-১৪ সূত্রে জানা যায়, মামলা দায়েরের পর থেকেই (এসআরবি)-১৪ ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে জামালপুরের বেলটিয়া বাজার এলাকা থেকে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।(এসআরবি)-১৪ আরও জানায়, গ্রেপ্তার নবী হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।