উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’। সংগঠনের প্রথম কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারকে। এতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জোবাইরুল হাসান আরিফ। তাঁদের সঙ্গে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা মহিউদ্দিন রনিকে। সোমবার সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে তিন সদস্যের এই আংশিক কমিটি প্রকাশ করা হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এই আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এর আগে জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, জাতীয় নারীশক্তি, জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় কৃষক শক্তি ও জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি গঠিত হয়েছিল। সংগঠনের সদস্যসচিব জোবাইরুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী ছিলেন। অন্যদিকে, মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে পরিচিতি পান এবং গত এপ্রিলে এনসিপিতে যোগ দেন।