উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ক্রসফায়ারের পক্ষে যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি মনে করে, আইজিপির এমন বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী। আজ সোমবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করার প্রধান দায়িত্ব বাংলাদেশ পুলিশের। পুলিশ নাগরিকদের সেবক, শাসক নয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান হয়ে আইজিপি চাকরিবিধি লঙ্ঘন করেছেন। উল্লেখ্য, অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেন যে পুলিশ বল প্রয়োগ করলে এক পক্ষ ফ্যাসিস্ট বলে আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। তিনি আরও বলেন, যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব। আইজিপির বক্তব্যের প্রেক্ষিতে জামায়াত নেতা বলেন, ফ্যাসিস্ট আমলে বিনা বিচারে মানুষকে হত্যা, গুম ও ক্রসফায়ার করা হতো এবং আইজিপি সেই একই কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করার হুমকি দিয়েছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে আইজিপির এমন বক্তব্য অগ্রহণযোগ্য ও ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনার ইঙ্গিত দেয়। বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি সন্ত্রাসীদের দমন করতে না পারা, চাঁদাবাজি ও মাদক নির্মূল করতে না পারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা। নাগরিকদের জীবনযাত্রা নিরাপদ করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।