উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
:গাজীপুরের কালিয়াকৈরে দিনের বেলায় বাংলাদেশ ব্যাংকের এক অতিরিক্ত পরিচালকের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় এ ঘটনা ঘটে। একটি সাদা রঙের প্রাইভেটকারে এসে ছিনতাইকারীরা তাঁর টাকার ব্যাগ নিয়ে টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়।ভুক্তভোগী এ এম এম তৌহিদুর রশিদ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বলে জানা গেছে।ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে তৌহিদুর রশিদ কালিয়াকৈর সোনালী ব্যাংক শাখা থেকে তাঁর বাবা এস এম হারুনুর রশিদের ব্যাংক হিসাবের বিপরীতে ৫ লাখ টাকা উত্তোলন করেন। পরে ওই টাকা নিয়ে অটোরিকশায় করে হিজলতলী এলাকায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর পাশে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের এক্সিও করোলা প্রাইভেটকার এসে তাঁর অটোরিকশার গতিরোধ করে। এ সময় প্রাইভেটকার থেকে আসা ছিনতাইকারীরা জোরপূর্বক তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর তারা প্রাইভেটকার নিয়ে টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়।ঘটনার পর ভুক্তভোগী পুলিশের জরুরি সেবায় ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।এ ঘটনায় ভুক্তভোগী এ এম এম তৌহিদুর রশিদ রবিবার সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম পিপিএম বলেন, “ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।