উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুর ও কাতার থেকে ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শনিবার ২৪ অক্টোবর অনুষ্ঠিত কমিটির ২০২৬ সালের ৫১তম সভায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দুটি প্রস্তাব নিয়ে আলোচনার পর এ সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রথম প্রস্তাবের আওতায় বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার সুপারিশ করেছে কমিটি। প্রয়োজন হলে এবং উভয় পক্ষ সম্মত হলে অতিরিক্ত কার্গো কেনারও সুযোগ রাখা হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে এ এলএনজি কেনা হবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের দাম সুপারিশ করা হয়েছে জেকেএমের চেয়ে ০.১৭ ডলার কম। দ্বিতীয় প্রস্তাবে বিদ্যমান সরকার-টু-সরকার দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার সুপারিশ করা হয়েছে। অতিরিক্ত কার্গোটি চলতি বছরের ২০ ডিসেম্বর সরবরাহের জন্য নির্ধারিত রয়েছে এবং এর দাম বিদ্যমান চুক্তিতে উল্লেখিত দর থেকে ভিন্ন হবে।