উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনকে ১৯৯৪ সালের মাগুরার উপনির্বাচনে রূপান্তর না করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। গোলাম পরওয়ার বলেন, নির্বাচন নিরপেক্ষ হলে আমরা নির্বাচনে অংশ নেব এবং আমরা এখনো নির্বাচন থেকে উঠে যাইনি। ঠাকুরগাঁও সদর থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন অভিযোগ করে তাঁর অপসারণের দাবি জানান জামায়াত নেতারা। প্রধান নির্বাচন কমিশনারকে উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে বলা হয়েছে জানিয়ে জামায়াত নেতা বলেন, রাজনৈতিক নেতাদের চাপকে উপেক্ষা করে নির্বাচন স্বচ্ছ করতে শুধু পুলিশ দায়িত্ব পালন করতে পারবে না। এছাড়া ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী রাষ্ট্রপতির ভাই পরিচয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, অবসরপ্রাপ্ত সচিব শরীফ আল জিন্নাহ, সাবেক জ্যেষ্ঠ সচিব খ ম কবিরুল ইসলাম ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত।