উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
কাতারের দোহায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত গ্লোবাল ইনভেস্টমেন্ট প্রমোশন কনফারেন্সে মন্ত্রীপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি পরিচ্ছন্ন জ্বালানি ও অন্যান্য অগ্রাধিকারমূলক খাতে আন্তর্জাতিক পুঁজি আকর্ষণের লক্ষ্যে বিনিয়োগ প্রচার কার্যক্রমকে সুবিন্যস্ত করার ওপর আলোকপাত করেন। এছাড়া বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। জলবায়ু অগ্রাধিকার থেকে বিনিয়োগ এবং জ্বালানি রূপান্তর প্রকল্প বাস্তবায়নের গতি ত্বরান্বিতকরণ শীর্ষক প্যানেল আলোচনায় মূলত দেশগুলো কিভাবে তাদের জলবায়ু সংক্রান্ত অঙ্গীকার ও জ্বালানি খাতের অগ্রাধিকারগুলোকে আন্তর্জাতিক অর্থায়ন পাওয়ার উপযোগী প্রকল্পে রূপান্তর করতে পারে তা নিয়ে আলোচনা হয়। আশিক চৌধুরী জানান, জ্বালানি খাতে রূপান্তরকে ত্বরান্বিত করতে বিনিয়োগ সহায়ক অবকাঠামো শক্তিশালী করা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কাজ করছে বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কৌশলে সরকারি সংস্থাগুলোর সাথে বিনিয়োগকারীদের যোগাযোগ সহজ করা এবং প্রশাসনিক জটিলতা কমানোর লক্ষ্যে একটি একক প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি সংস্থাকে একই ছাতার নিচে আনাকে একটি চ্যালেঞ্জিং প্রশাসনিক কাজ হিসেবে বর্ণনা করে তিনি বিনিয়োগ পরিবেশের উন্নয়ন ও প্রক্রিয়া সহজ করতে সংস্থাসমূহের মধ্যকার বিচ্ছিন্নতা দূর করার ওপর জোর দেন। আশিক চৌধুরী জানান, এই সমন্বিত বিনিয়োগ উন্নয়ন কাঠামো আন্তর্জাতিক তহবিল ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লাভজনক প্রকল্পগুলোর সাথে সংযুক্ত করবে এবং সরকারি সংস্থাগুলোর মধ্যকার সমন্বয় উন্নত করবে। আগামী সোমবার আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে দেশের বিনিয়োগ সম্ভাবনা ও সুবিধাগুলো তুলে ধরতে ইনভেস্ট বাংলাদেশ আয়োজিত হবে। জাতিসঙ্ঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড এই ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামের আয়োজন করে যেখানে বিশ্বজুড়ে নীতিনির্ধারক ও বিনিয়োগকারীরা অংশ নেন।