উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই দাবি করেন। রাশেদ বলেন, বিএনপি আগ্রহ না দেখানোর পর বাধ্য হয়েই আসিফ এনসিপিতে যোগ দিয়েছেন। রাশেদ খাঁনের এই বক্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে আসিফ মাহমুদ বলেছেন, তিনি রাশেদের এই বক্তব্যকে কোনো মন্তব্য করার মতো গুরুত্বপূর্ণ মনে করেন না। তিনি আরও বলেন, মিথ্যা কথা বলার জন্যই রাশেদকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১০ ডিসেম্বর সরকার থেকে পদত্যাগ করার পর গত ২৯ ডিসেম্বর এনসিপিতে যোগ দিয়ে দলের মুখপাত্র হন আসিফ মাহমুদ। তিনি বর্তমানে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও অভিযোগ করেন যে বেশি আসনে সমঝোতা পাওয়ার জন্য এনসিপির শীর্ষস্থানীয় নেতারাও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে বসে থাকতেন। বিএনপি তাদের চারটির বেশি আসন ছাড়তে রাজি না হওয়ায় এবং বেশি আসন ও নির্বাচনী খরচ পেয়ে এনসিপি জামায়াত জোটে গেছে বলে জানান তিনি। রাশেদের মতে, জামায়াত-এনসিপির ৯০ জন সংসদ সদস্যের মেধা ও যোগ্যতা এক স্বরাষ্ট্রমন্ত্রীর সমান নয়।