উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
সংবিধান সংশোধনের পথ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, আরেকটি সংশোধন করলে আদালত তা হোয়াইটওয়াশ করে দেবে এবং এই পণ্ডশ্রমে ও অতীতের ভুল ধারায় চলতে তাঁরা রাজি নন। আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারি দলের উদ্দেশে তিনি বলেন, আপনারা এখন সংবিধান খোঁজেন কেন, সাড়ে ১৫ বছর তো ফ্যাসিবাদের বিরুদ্ধে সদয় অনুমতি নিয়ে মিটিং-মিছিল করেছেন। ক্ষমতায় গিয়ে বিএনপি অতীত ভুলে গেছে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, জুলাই জাতীয় সনদের গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোতে আপত্তি জানিয়ে দলটি নোট অব ডিসেন্ট দিয়েছিল। এছাড়া বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী সমঝোতার অভিযোগও করেন জামায়াতের আমির। আলোচনা সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, তারেক রহমানকে অতীত থেকে সবক নিতে হবে এবং প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনের কারণেই তিনি ক্ষতিগ্রস্ত হবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।