উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে এবং বিক্রয়মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। নির্ধারিত মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নীতিমালা অপরিবর্তিত থাকবে। এর আগে গত ২৩ অক্টোবর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। এদিকে দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৩ হাজার ৮৪৯ টাকায় এবং ২১ ক্যারেট রুপা ৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ১৪৯ টাকা এবং ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি রুপা ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি করা হচ্ছে।