উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
বর্তমান জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শনিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে প্রচারপত্র বিতরণ করে। পথসভায় নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পর গঠিত এই জাতীয় সংসদের কোনো মূল্য নেই এবং এখানে জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন হচ্ছে না। এ ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রশাসকদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সরকারের মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান তিনি। দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম। পাশাপাশি জ্বালানি খাতে ব্যর্থতার দায় নিয়ে জ্বালানিমন্ত্রী এবং সংবিধান সংশোধন কমিটির প্রহসন বন্ধেরও জোর দাবি জানান তিনি। অনুষ্ঠানে দলের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।