উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
দেশে জ্বালানি তেল ও এলপিজি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ কষ্টে আছে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এখন একজন মানুষ বাজারে গেলে একটা বা দুইটা আইটেমের বেশি সবজি কিনতে পারে না এবং একটি মধ্যবিত্ত পরিবার মাসে যে ডিম খেত, তা অর্ধেকের বেশি নামিয়ে আনতে হয়েছে। বাজেটের পর কোনো কিছুর দাম বাড়েনি, সরকারের এমন দাবিকে মিথ্যা ও প্রতারণামূলক আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য মধ্যবিত্তেরও ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে চলে গিয়েছে। আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। কারওয়ান বাজার ঢাকার কাঁচাবাজারের কেন্দ্র হওয়ায় এবং এখানে চাঁদাবাজি ও দখলদারির কথা শোনায় এই স্থান থেকেই প্রচারপত্র বিতরণ শুরু করা হয় বলে তিনি জানান। দেশের সামগ্রিক পরিস্থিতি খুব খারাপ উল্লেখ করে নাহিদ বলেন, একদিকে সন্ত্রাসী ও মাদক কারবারিদের ঠেকানো যাচ্ছে না, অন্যদিকে সাধারণ মানুষ, বিরোধী দল ও সাংবাদিকদের দমন-পীড়ন চলছে। সার্বিকভাবে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের অবিলম্বে পদত্যাগ দাবি করেন তিনি। বর্তমান সরকারকে গণবিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন, এই সরকারকে অগণতান্ত্রিক সরকারও বলা যায়, যেহেতু তারা সংস্কার বাস্তবায়ন করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বক্তব্যের জবাবে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে সুস্পষ্টভাবে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং এখনো তারা আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার বিন্দুমাত্র কৃতিত্ব সরকারের নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার কোনো নিরাপত্তাই দিতে পারেনি, বরং সাধারণ মানুষ ও মাদ্রাসার ছাত্ররা রাজনৈতিক-সামাজিকভাবে এই পূজায় সহযোগিতা করেছে। অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ৩০ অক্টোবর বেলা তিনটায় শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।