উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ ওঠার পর আট মাসের বেশি পেরিয়েছে। এ ঘটনায় করা মামলার তদন্তে তাঁর ব্যবহৃত মুঠোফোনসহ সংশ্লিষ্ট ডিভাইস চেয়ে বাদীপক্ষকে অন্তত তিনবার চিঠি দিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিভাইস জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি নেওয়া হলেও এখনো তা তদন্ত সংস্থার হাতে দেওয়া হয়নি। মামলার বাদী মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, ডিভাইস দিতে তাঁরা অস্বীকৃতি জানাচ্ছেন না বরং ডিভাইসের নিরাপত্তা নিয়ে তাঁদের উদ্বেগ রয়েছে। নিজেদের উপস্থিতিতে ডিভাইস পরীক্ষা করার বিষয়ে ডিবির সঙ্গে দুবার আলোচনা হয়েছে বলে জানান তিনি। আগামী ৩ নভেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এদিকে মামলার অন্যতম আসামি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের ডিভাইস জব্দ করে তল্লাশি চালানো হলেও ফরেনসিক প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। নিজেকে নির্দোষ দাবি করে ছরওয়ারে আলম দ্রুত সঠিক তদন্ত ও সুবিচার দাবি করেছেন। মামলার তদন্ত দীর্ঘায়িত হওয়ায় তিনি নিজের চাকরিজীবন ও আর্থিক সুবিধা নিয়ে উদ্বিগ্ন। গত ৩১ জানুয়ারি জামায়াতের আমিরের এক্স হ্যান্ডল থেকে একটি বিতর্কিত পোস্ট দেওয়ার পর দেশজুড়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে জামায়াতের পক্ষ থেকে অ্যাকাউন্ট হ্যাকের দাবি করে মামলা করা হয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রোগ্রামারসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। আদালতে সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকী জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে বাদী-বিবাদী সবারই তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করা উচিত।