উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক বাজারের মতো দেশের বাজারেও টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম কমানো হয়েছে। শুক্রবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর আগে গত বৃহস্পতিবারও ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল, যার ফলে দুই দিনে দাম কমল ৩ হাজার ৮৪৯ টাকা। আজ সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন এই দর কার্যকর হয়েছে। বৈশ্বিক বাজারে দরপতন এবং দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সমিতি। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। স্বর্ণের পাশাপাশি কিছুটা কমেছে রুপার দামও। ২২ ও ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা করে কমে যথাক্রমে ৩ হাজার ৮৪৯ টাকা এবং ৩ হাজার ৬৭৪ টাকা হয়েছে। উল্লেখ্য, স্বর্ণ ও রুপার এসব দামের সঙ্গে প্রযোজ্য মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত রয়েছে।