উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। দলীয় সূত্রে এটিকে দাওয়াতি সফর বলা হলেও এর মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে দলের পরিচিতি বাড়ানোর সুযোগ দেখছেন নেতারা। আন নূর ফাউন্ডেশনের আমন্ত্রণে ১৪ দিনের এই সফরে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করছেন। এর আগে গত ২২ জুলাই বরিশালের গৌরনদীতে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির ফয়জুল করীমের ‘কাফেলা আমেরিকার দিকে’ দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। তবে ইসলামী আন্দোলনের নেতারা এই সমালোচনাকে যথাযথ মনে করছেন না। তাঁদের বক্তব্য, যুক্তরাষ্ট্রে যাওয়া বা ধর্মীয় কার্যক্রম পরিচালনার অর্থ দেশটির রাষ্ট্রীয় নীতি কিংবা রাজনৈতিক আদর্শ গ্রহণ করা নয়। ১৪ অক্টোবর নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রেজাউল করীমকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সফরসূচি অনুযায়ী তিনি আমেরিকান মুসলিম সেন্টার, পোর্ট ওয়াশিংটন মসজিদ, নিউ জার্সির জালালাবাদ জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে ইসলাহি বয়ান ও ওয়াজ মাহফিলে অংশ নিচ্ছেন। এছাড়া দারুল উলুম নিউইয়র্ক, মিশিগানের মাসজিদুন নূর এবং ব্রঙ্কস মুসলিম সেন্টারসহ নানা ধর্মীয় অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।