উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বিশাল এক প্রকল্প হাতে নিয়েছে ভিয়েতনাম। রাজধানী হ্যানয়ে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক 'ভিনফাস্ট ট্রং ডং স্টেডিয়াম', যা দর্শক ধারণক্ষমতায় ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকেও ছাড়িয়ে যাবে। দেশটির ভিনগ্রুপের ৩৫ বিলিয়ন ডলারের 'অলিম্পিক স্পোর্টস সিটি' প্রকল্পের অংশ হিসেবে এই স্টেডিয়াম নির্মিত হচ্ছে। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এবং ২০২৭ সালের জুলাই মাসের মধ্যেই এর নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বিশ্বের বৃহত্তম ভেন্যু ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার। বিপরীতে, ভিয়েতনামের নতুন এই স্টেডিয়ামের পরিকল্পিত ধারণক্ষমতা ১ লাখ ৩৫ হাজার, অর্থাৎ এটি ভারতের স্টেডিয়ামের চেয়ে ৩ হাজার বেশি দর্শক ধারণ করতে পারবে। তবে ভিয়েতনামের ঘরোয়া ফুটবল ম্যাচে দর্শকের কম উপস্থিতির কারণে এই বিশাল স্টেডিয়ামের বাণিজ্যিক স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। যদিও উদ্যোক্তা ভিনগ্রুপের প্রত্যাশা, বিভিন্ন আন্তর্জাতিক কনসার্ট ও বড় আয়োজনের মাধ্যমে স্টেডিয়ামটি লাভজনক হয়ে উঠবে।