উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
অস্ত্র-কাণ্ডে সমালোচিত ইশরাক হোসেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ আশা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, আজ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলো, কিন্তু আইনশৃঙ্খলার জন্য যিনি প্রধানত দায়ী সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো জবাবদিহির মধ্যে আনা হচ্ছে না। দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন উল্লেখ করে তিনি জানান, তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ, তিনি সেটা না করে সংবিধান নিয়ে ব্যস্ত আছেন। আজ সোমবার রাজধানীর পূর্ব বাড্ডায় একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এই মন্তব্য করেন। এর আগে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে তিনি শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শন করেন। এ সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির ঘোষিত মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। এর আগে ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করলেও তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে তিনি জানান। এক ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনা অনুযায়ী দেশ চলছে উল্লেখ করে তিনি বলেন, এটা কোনো গণতন্ত্রের উদাহরণ নয়, আইনের শাসনের উদাহরণ নয়। জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটি প্রসঙ্গে নাহিদ বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে সরকার এখনো নাটক করছে এবং এ দেশের মানুষ এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। দলীয় সুশীল বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে এবং তাদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারেরই বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন যে এসব কর্মকাণ্ড সম্পূর্ণভাবে জনগণের সঙ্গে প্রহসন ছাড়া আর কিছু নয়।