উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
শিক্ষাকে নিছক পাঠ্যবইয়ের সীমারেখায় আটকে না রেখে শিশুদের ভালোবাসায় গড়ে তুলছেন গাজীপুরের কালিয়াকৈর সরকার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মর্জিনা আক্তার ( মর্জিনা ম্যাডাম)। তার পাঠদানের বিশেষ কৌশল, সহমর্মিতা এবং কোমলমতি শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল আচরণ তাকে আজ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক প্রিয় নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, মর্জিনা ম্যাডাম নিয়মিত শ্রেণিকক্ষে আসার পর থেকেই শিক্ষার্থীদের উপস্থিতির হার বহুগুণ বেড়ে গেছে। ক্লাসে জটিল বিষয়গুলোকে আনন্দদায়ক খেলার ছলে বুঝিয়ে দেওয়া, পিছিয়ে পড়া শিশুদের বাড়তি মনোযোগ দিয়ে গড়ে তোলা এবং শিশুদের মেধা বিকাশে নানা ধরনের সহশিক্ষা কার্যক্রম আয়োজনে তিনি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করছেন।অভিভাবকদের কয়েকজন জানান, "মর্জিনা ম্যাডাম যেভাবে বাচ্চাদের নিজের সন্তানের মতো ভালোবেসে পড়ান, তা সত্যি বিরল। তিনি কেবল ক্লাসের পড়াতেই সীমাবদ্ধ থাকেন না, বরং বাচ্চাদের আচরণ, নৈতিকতা এবং ডিসিপ্লিন শেখাতেও অনেক যত্ন নেন।" ও সহকর্মীরা বলেন, "শিক্ষকতাকে যে শুধু পেশা নয়, ব্রত হিসেবে গ্রহণ করা যায়—তার উজ্জ্বল দৃষ্টান্ত মর্জিনা ম্যাডাম। তার সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা এবং শিশুদের প্রতি ভালোবাসা আমাদের পুরো বিদ্যালয় পরিবারের জন্য গর্বের বিষয়।"নিজের এই অবদানের ব্যাপারে বিনয়ী মর্জিনা ম্যাডাম বলেন, "একটি শিশুর মানসিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হয় প্রাথমিক বিদ্যালয় থেকেই। আমার লক্ষ্য একটাই—শিক্ষার্থীরা যেন বিদ্যালয়কে ভয় না পেয়ে একটি আনন্দের জায়গা হিসেবে দেখে এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।" উপজেলার সচেতন মহল মনে করেন, মর্জিনা ম্যাডামের মতো শিক্ষকের সংখ্যা যত বাড়বে, প্রাথমিক শিক্ষার মান তত দ্রুত উন্নত হবে এবং দেশের প্রতিটি শিশুই একটি সুন্দর ভবিষ্যৎ পাবে