উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামীকাল রোববার ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করতে পারেন। তবে বাংলাদেশে তাঁর এই আগমনের বিষয়টি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি। এরপরেও পরিস্থিতি বিবেচনায় সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফা সভাপতি মূলত ভুটানের রাজধানী থিম্পু সফরে যাচ্ছেন। সরাসরি ফ্লাইটের সীমাবদ্ধতার কারণে যাত্রাপথে তিনি ট্রানজিট নিতে পারেন। সম্ভাব্য ট্রানজিট স্থান হিসেবে ঢাকা, সৈয়দপুর কিংবা ভারতের কোনো বিমানবন্দরের কথা বিবেচনা করা হচ্ছে। বাফুফে সূত্রে জানা গেছে, ইনফান্তিনোর বাংলাদেশে যাত্রাবিরতির নিশ্চয়তা না মিললেও তিনি এলে যেন ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা যায়, সেই প্রস্তুতি রয়েছে। এ লক্ষ্যে শনিবার বিকেলে বাফুফের সাধারণ সম্পাদক পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। ইনফান্তিনো ঢাকার বিমানবন্দরের ভিআইপি জোনে অবস্থান করলে বাফুফে সভাপতি ও সহসভাপতিরা তাঁর সঙ্গে দেখা করতে পারেন। তবে তাঁর এই সম্ভাব্য আগমন ও সাক্ষাৎ পুরোপুরি নির্ভর করছে শেষ পর্যন্ত ঢাকায় ট্রানজিট নেওয়ার সিদ্ধান্তের ওপর।