উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে এর আগেই কাউন্সিলর পদে নিজেদের নির্বাচনী প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের অভ্যন্তরীণ বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ১২৯টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। জামায়াতের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটির ৫৪টির মধ্যে ৪৩টি এবং দক্ষিণ সিটির ৭৫টির মধ্যে ৬৯টি ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী ঠিক করা হয়েছে। বাকি ১৭টি ওয়ার্ডে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলছে। যদিও দলীয়ভাবে নাম ঘোষণা করা হয়েছে, তবে প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন এখনো বাকি রয়েছে। মেয়র পদের জন্য জামায়াত ঢাকা উত্তরে মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ডাকসুর সাবেক ভিপি মো. আবু সাদিককে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঠিক করে রেখেছে। দলের আমির শফিকুর রহমান সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁদের পরিচয় করিয়ে দিলেও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিজ নিজ ওয়ার্ডে সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনেকে ইতিমধ্যে ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে প্রচারণা শুরু করেছেন। তবে দলীয় নেতারা জানিয়েছেন, যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনে প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে।