উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বর্তমান সরকার অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো কোনো হস্তক্ষেপ করবে না। মঙ্গলবার রাতে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউয়ে বিএনপির এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এই বার্তা দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সাড়ে ৪০০ নেতা–কর্মী অংশগ্রহণ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য নেতা–কর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতা–কর্মীদের আরও সজাগ থাকতে হবে এবং সবাই যার যার দায়িত্ব পালন করলে অপরাধ কমে যাবে। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। সভায় উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেলায়েত হোসেন জানান, গুজব ও ষড়যন্ত্র মোকাবিলায় নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের জে এম সেন হলে আসেন। সামরিক বিমানযোগে রাজশাহী থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান গত ৯ আগস্ট প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসেছিলেন। ওই সফরে তিনি চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।