উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন। রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে তাঁর উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগের কথা জানান ইশরাক হোসেন। সংবাদ সম্মেলনে অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার পক্ষে বিভিন্ন কথা বলেন ইশরাক। ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি কাজ করতে না পারায় তাঁরা এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন বলে জানান। তিনি দাবি করেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি ও পুলিশের কর্মকর্তারা প্রতি মাসে বৈঠক করেন এবং প্রধানমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছিল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক জানান, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়টি পুরোপুরি দলের এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের এখতিয়ার। দল তাঁকে নির্বাচন করার সিদ্ধান্ত দিলে তিনি শতভাগ প্রস্তুত আছেন বলে জানান। পাশাপাশি অন্য কাউকে প্রার্থী করা হলে তাঁকে বিজয়ী করতে কাজ করবেন বলেও উল্লেখ করেন তিনি। জামায়াতে ইসলামীর এক নেতার সমালোচনা প্রসঙ্গে ইশরাক বলেন, দিনেদুপুরে অস্ত্র উঁচিয়ে অভিযানে যাওয়ার পর তাঁকে নিয়ে করা মন্তব্য তাঁকে ব্যথিত করেছে। তবে সাধারণ মানুষ হাততালি দিয়ে উল্লাস করেছে উল্লেখ করে তিনি দাবি করেন, এলাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী তিনি ভবিষ্যতেও কাজ করে যাবেন।