উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের নামে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরার দৃশ্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে একে ত্রাসের রাজত্বের ইঙ্গিত হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নিজের নিরাপত্তা ছাড়া এভাবে জনসমক্ষে অস্ত্র প্রদর্শন আইনবিরোধী এবং এটি সাধারণ মানুষের মনে ভীতি সঞ্চার করে। বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ড শপথ ভঙ্গের শামিল এবং এটি সন্ত্রাসীদের উৎসাহিত করবে। এ ঘটনার সুষ্ঠু প্রতিকার চেয়ে জামায়াত সরকার ও প্রশাসনকে জনবান্ধব পদ্ধতিতে অপরাধ দমনের আহ্বান জানিয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করার ওপর জোর দিয়েছে দলটি। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশও এই ঘটনার তীব্র সমালোচনা করেছে। দলটির সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ বলেন, পিস্তল হাতে ইশরাক হোসেনের এই মহড়া সন্ত্রাসবাদকে প্রমোট করেছে, যা অত্যন্ত হতাশাজনক। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সরকার মাদকবিরোধী অভিযানের নামে নাটক করছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে দলটি।