উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
রবিবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় কৃষি বর্জ্য থেকে তৈরি ‘বায়োচার’-এর বহুমুখী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ‘বায়োচার ফর সয়েল হেলথ, নিউট্রিয়েন্ট এফিশিয়েন্সি অ্যান্ড সাসটেইনেবল ক্রপ প্রোডাকশন’ শীর্ষক এই কর্মশালায় বিশেষজ্ঞরা মাটির স্বাস্থ্য রক্ষা ও সার সাশ্রয়ে এর কার্যকারিতা তুলে ধরেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুর রহমান জাহাঙ্গীর জানান, বায়োচার প্রয়োগে ভুট্টার ফলন ২৯ শতাংশ, আউশ ধান ২৩ শতাংশ এবং বোরো ধানের ফলন ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। এটি মাটির ভৌত গুণাগুণ উন্নয়নের পাশাপাশি নাইট্রাস অক্সাইড নির্গমন ৩৮ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক। তবে বিশেষজ্ঞরা সরাসরি কাঁচা বায়োচার ব্যবহারের পরিবর্তে কম্পোস্ট বা জৈব সারের সাথে মিশিয়ে ‘কো-কম্পোস্টিং’ পদ্ধতিতে ব্যবহারের পরামর্শ দিয়েছেন। বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো: আব্দুছ ছালাম বলেন, বায়োচারের অর্থনৈতিক লাভজনকতা প্রমাণ করা গেলে জাতীয় পর্যায়ে প্রণোদনা ও ভর্তুকি দেওয়ার সুযোগ তৈরি হবে। কর্মশালায় মাঠপর্যায়ে দীর্ঘমেয়াদি গবেষণা, জাতীয় মানদণ্ড প্রণয়ন এবং কৃষকের জন্য সাশ্রয়ী প্রযুক্তি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। সঠিক মান নিয়ন্ত্রণ ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা গেলে বায়োচার রাসায়নিক সারের ওপর নির্ভরশীলতা কমিয়ে কৃষি উৎপাদনকে টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।