উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছেন জাপানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল। রোববার ১৮ অক্টোবর বিকেলে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সাথে এক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশের পর্যটন শিল্পের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছেন এবং পর্যটন অবকাঠামো উন্নয়নে সরকারের সাথে কাজ করার প্রস্তুতি জানিয়েছেন। বিনিয়োগের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জাপানি প্রতিনিধিদলকে প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়নে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী বলেন, পারস্পরিক লাভজনক সরকারি-বেসরকারি অংশীদারিত্বের বা পিপিপি ভিত্তিতে পর্যটন খাতে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার আগ্রহী। প্রস্তাবিত ১২০ কোটি মার্কিন ডলারের এ বিনিয়োগের বিষয়ে জাপানি বিনিয়োগকারীরা আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার পর তা সরকারের বিবেচনার জন্য উপস্থাপন করা হবে। মন্ত্রী জাপানি বিনিয়োগকারীদের সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র পরিদর্শন এবং বিনিয়োগের সুযোগ মূল্যায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ লক্ষ্যে সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলো পরিদর্শনে বিনিয়োগকারীদের সহযোগিতা করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের একটি প্রতিনিধিদল দ্রুত ব্যবস্থা নেবে। জাপানি প্রতিনিধিরা বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন। মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পুরোনো বন্ধু এবং আমাদের পর্যটন খাতের উন্নয়নে আগ্রহী জাপানি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। বাংলাদেশের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে তিনি সুন্দরবন, কক্সবাজার সমুদ্রসৈকত ও সিলেটের চা-বাগানের কথা উল্লেখ করেন। আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করে পর্যটন খাতের বিকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।