উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
বিরোধী দল সরকারের পতন নয়, বরং সফলতা চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক মুক্ত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ‘জুলাই সনদের এক বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক এই সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শফিকুর রহমান বলেন, এতদিন তাঁরা সরকারকে সহযোগিতা করার কথা বললেও এখন থেকে তাঁরা ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবেন। বর্তমান সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে এবং তাদের সেই যোগ্যতা নেই বলেও অভিযোগ করেন তিনি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপ করা হচ্ছে দাবি করে তিনি বলেন, পিএসসি কোনো মন্ত্রীর পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান নয়। সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বিএনপি রাষ্ট্র মেরামত করতে চায় না বরং তারা আধিপত্যবাদীদের সঙ্গে আপস করে রাষ্ট্র চালাতে চায়। জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার না করা হলে আন্দোলন আরও ব্যাপক ও ভয়ংকর হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, সরকার গদিচ্যুত হয়, এমন কিছু বিরোধী দল এখন করছে না, বরং জনমত গড়ে তোলা হচ্ছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জামায়াত আমির বলেন, বিরোধী দলের ৮৯ জন সংসদ সদস্য সারা দেশের ১৮ কোটি মানুষের পাহারাদার হিসেবে কাজ করবেন এবং জুলাই সনদের রায় বাস্তবায়ন করা হবে।