উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
তৃণমূল পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা এবং তাদের অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে সাড়া মিলেছে ব্যাপক। দেশের আট জেলা থেকে এ পর্যন্ত মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে বলে শনিবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা জেলার সব উপজেলা থেকে গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে নেত্রকোনা জেলায়। এছাড়া রংপুর, নওগাঁ ও ঝিনাইদহ জেলা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন পাওয়া গেছে। কর্মসূচির পরবর্তী ধাপে দেশের বাকি ৫৬টি জেলায় আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে, যা ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। আগ্রহী তরুণ উদ্যোক্তারা নির্ধারিত ফরম পূরণ করে নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় তা জমা দিতে পারবেন। উল্লেখ্য, ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে এই কর্মসূচির নির্দেশিকা জারি করা হয়। বিস্তারিত তথ্য ও আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং এসএমই পোর্টাল থেকে সংগ্রহ করা যাবে।