উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
আওয়ামী লীগ সরকার স্বাধীনতার কথা বললেও বাস্তবে দিল্লির কৃতদাসের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার টিএসসিতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, গত ১৬-১৭ বছরে বাংলাদেশকে একমুখী করার চেষ্টার পাশাপাশি সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের সার্বভৌমত্বকে দুর্বল করা হয়েছে এবং সাংস্কৃতিক অঙ্গনকে রাজনৈতিক আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর ভারতপ্রীতি নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, ভারত যা পেয়েছে তা তারা কখনো ভুলবে না বলে তিনি মন্তব্য করতেন। কিন্তু দেশের সম্পদ বা জমি কোন স্বার্থে অন্য দেশকে দেওয়া হচ্ছিল, তা নিয়ে জনগণের অজানাই থেকে গেছে। অনুষ্ঠানে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন বলেন, আওয়ামী লীগ শাসনামলে গণতন্ত্রের পাশাপাশি মুক্ত সাংস্কৃতিক চর্চার অধিকারও হরণ করা হয়েছিল। বর্তমানে অন্তর্বর্তী সরকারের আমলে ধর্মের অজুহাতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার নতুন সংকট তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।