উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং, লেনদেনের সীমা এবং তদারকি সংক্রান্ত নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সার্কুলার অনুযায়ী, পূর্ণাঙ্গ মানি চেঞ্জারদের প্রতিটি লেনদেনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেমে যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। মানি চেঞ্জারদের জন্য দৈনিক নগদ স্থিতি ও বৈদেশিক মুদ্রা সংরক্ষণের নতুন সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। এছাড়া লাইসেন্স নবায়ন, ন্যূনতম মূলধন এবং বার্ষিক লেনদেনের নতুন শর্তাবলীও যুক্ত করা হয়েছে, যা মানি চেঞ্জারদের কঠোর তদারকির আওতায় আনবে। স্বর্ণ আমদানির ক্ষেত্রে নতুন নীতিমালায় প্রতিটি চালানের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। স্বর্ণ ব্যবসায়ী ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের জন্য আলাদা লাইসেন্স ফি ও নবায়ন শর্ত নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর থাকবে পাঁচ বছর পর্যন্ত। ব্যাংকগুলো ভ্রমণ সুবিধার বিপরীতে প্রতি যাত্রায় সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার সরবরাহ করতে পারবে। এছাড়া মানি চেঞ্জাররা ব্যক্তিগত ভ্রমণ কোটায় প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা বিক্রির সুযোগ পাবেন।