উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক উন্নতি হয়েছে। ব্রিটিশ হোম অফিসের গত ১৪ অক্টোবর প্রকাশিত ‘রিপোর্ট অব আ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন বাংলাদেশ: পলিটিক্যাল সিচুয়েশন, অক্টোবর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এই অভিমত ব্যক্ত করা হয়েছে। প্রতিবেদনটি তৈরিতে সিপিআইটির তিন কর্মকর্তা গত ৭ থেকে ১৫ জুন ঢাকা সফর করেন এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেন। এতে উল্লেখ করা হয়েছে, আগের সরকারের তুলনায় বর্তমানে সাংবাদিক, রাজনৈতিক দল ও নাগরিক সমাজ অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছেন। তবে দুর্নীতি, পুলিশের জবাবদিহি এবং প্রস্তাবিত ব্যাপক সংস্কারের সীমিত বাস্তবায়ন নিয়ে উদ্বেগের কথাও উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের নির্বাচন আগের তুলনায় শান্তিপূর্ণ ছিল এবং রাজনৈতিক সহিংসতা কমেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে দলটির সাধারণ সমর্থকেরা নিজেদের এলাকায় অবস্থান করলেও প্রকাশ্যে সমর্থন জানালে হয়রানির শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২১ হাজারের বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং পুরোনো মামলা পর্যালোচনার কাজ চলছে।