উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্রিসবেনে সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। এই পরাজয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো সফরকারীরা। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ১৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন শীর্ষ তিন ব্যাটার। সেখান থেকে দলকে টেনে তোলেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। শারমিনের ৯৩ বলে ৫০ রান এবং স্বর্ণার ৭১ বলে ৫৪ রানের লড়াকু ইনিংসে ভর করে দেড়শ রানের কোটা পার করে বাংলাদেশ। ওয়ানডেতে এটিই স্বর্ণার প্রথম অর্ধশতক। তবে এই দুই ব্যাটার ফেরার পর আর কেউ দাঁড়াতে না পারলে ৪৯ দশমিক ৫ ওভারে ১৭২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। বল হাতে অস্ট্রেলিয়ার মেগান স্কট ১৬ রানে ৪টি এবং অ্যানাবেল সাদারল্যান্ড ২টি উইকেট নেন। জবাবে ১৭৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ২ উইকেট হারালেও কোনো চাপে পড়েনি অস্ট্রেলিয়া। এলিস পেরির অপরাজিত ৬৫ ও অ্যানাবেল সাদারল্যান্ডের অপরাজিত ৭৪ রানের ইনিংসে ভর করে ১৬৪ বল হাতে রেখেই অনায়াস জয় তুলে নেয় স্বাগতিকরা।