উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
আজ শনিবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ হলো। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত সংস্কারের রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে এই সনদ তৈরি করা হয়েছিল। তবে বাস্তবায়নের প্রশ্নে এক বছরের মধ্যেই রাজনৈতিক বিভাজন বড় আকারে সামনে চলে এসেছে। সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়া ঠিক করেছিল, বর্তমান ক্ষমতাসীন বিএনপি তা অনুসরণ করছে না। সংবিধান সংশোধনের জন্য তারা একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করেছে। বিরোধী দল এই কমিটি প্রত্যাখ্যান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। গত বছরের ১৭ অক্টোবর বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি দল এই সনদের অঙ্গীকারনামায় সই করে। পরে গণফোরাম এবং এনসিপি এই সনদে স্বাক্ষর করে। তবে কিছু মৌলিক সংস্কার প্রস্তাব ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন আগে থেকেই ছিল। সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ শুধু রাজনৈতিক দলগুলোর সমঝোতার দলিল নয়, গণভোটের মাধ্যমে এটি জনগণের সমর্থন পেয়েছে। দলগুলো সনদের অঙ্গীকারনামায় সই করেছিল, এখন সেখান থেকে সরে আসা অঙ্গীকারের ব্যত্যয়।