উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
সিমেন্ট খাতে প্রযুক্তিগত সহযোগিতা, দক্ষতা বিনিময় ও কৌশলগত বিনিয়োগের লক্ষ্যে চীনের গুয়াংসি ইউফেং কোং লিমিটেডের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি (এমসিএমপিএলসি) ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড (বিআইসিএল)। ঢাকার বসুন্ধরা সুপারগলফে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্বাক্ষরিত হয়। সমঝোতা অনুযায়ী, গুয়াংসি ইউফেং কোং লিমিটেড মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে উল্লেখযোগ্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। এর আওতায় সিমেন্ট উৎপাদন-সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তর, কারিগরি জ্ঞান বিনিময় এবং কৌশলগত বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানগুলো। ‘বাংলাদেশ অ্যান্ড চায়না: বিল্ডিং দ্য ফিউচার টুগেদার’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং গুয়াংসি ইউফেংয়ের চেয়ারম্যান লেই ঝেনবিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই অংশীদারিত্ব বাংলাদেশের সিমেন্ট খাতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি এটি বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে এবং শিল্পখাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।