উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তিকে ট্রাম্পের ‘আদেশনামা’ বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। বৃহস্পতিবার পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, দেশের মানুষ এখনো সরকারের ওপর যথাযথ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। গণতান্ত্রিক অধিকার কমিটির আয়োজনে এই সমাবেশে বক্তারা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জানান। অধ্যাপক আনু মুহাম্মদ অভিযোগ করেন, সরকার জনগণের নজর ঘোরাতে কৃত্রিম বিভাজন সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। গবেষক মাহতাব উদ্দীন আহমেদ বলেন, মার্কিন এই চুক্তি বহাল থাকলে দেশের বাণিজ্যিক সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা সরকারের অস্বচ্ছতার সমালোচনা করে বলেন, মৌলিক চাহিদা পূরণের বদলে সরকার অপ্রয়োজনীয় চুক্তিতে লিপ্ত হচ্ছে। সমাবেশে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতনসহ অন্যান্য বক্তারা বিদেশি প্রভুদের তুষ্ট করার নীতির তীব্র নিন্দা জানান। অনুষ্ঠান শেষে একটি বিক্ষোভ মিছিল বাহাদুর শাহ পার্ক ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।