উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম হত্যাকাণ্ডে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীকে জড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান তিনি। কোনো প্রকার নিরপেক্ষ তদন্ত ছাড়াই জামায়াতে ইসলামীকে দায়ী করার অপচেষ্টার প্রতিবাদ জানান তিনি। ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান জামায়াতের এই নেতা। মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে তার বিচার করার দায়িত্ব আইন ও আদালতের। আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা কাউকে গণপিটুনি দিয়ে বিচারবহির্ভূতভাবে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই এবং জামায়াত এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না। অপরাধের প্রকৃত তথ্যপ্রমাণ যাচাই না করে কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ী করা হলে প্রকৃত ঘটনা আড়াল হয়ে যেতে পারে বলে উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং নিহত ব্যক্তির পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং যাচাই-বাছাই ছাড়া কোনো অভিযোগ প্রচার না করার অনুরোধ করা হয়। উল্লেখ্য, ধর্ম অবমাননার অভিযোগ তুলে দফায় দফায় পিটুনিতে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবক নিহত হয়েছেন। গত ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে শামীমকে মারধরের খবর পেয়ে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। রাত ৮টা ৪০ মিনিটে একদল লোক হাসপাতালে ঢুকে তাঁকে ছিনিয়ে নিয়ে আবার মারধর করে এবং সাতক্ষীরায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।