উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থা। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দায়িত্ব পালনে প্রশাসনের গাফিলতি ছিল কি না, তা তদন্তের দাবি জানিয়েছে। গত মঙ্গলবার বিকেলে ও রাতে দেবহাটায় দুই দফায় মারধরের শিকার হন ওয়াহিদুজ্জামান। প্রথম দফায় পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় কিন্তু রাতে হাসপাতাল থেকে হামলাকারীরা তাঁকে ছিনিয়ে নিয়ে দ্বিতীয় দফায় মারধর করলে তাঁর মৃত্যু হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক বিবৃতিতে বলেছে, ধর্ম অবমাননার অভিযোগ তুলে প্রকাশ্যে গণপিটুনি এবং পুলিশ উদ্ধার করার পর হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনা আইনের শাসন ও নাগরিকের জানমালের ওপর মারাত্মক আঘাত। হাসপাতাল যদি একজন আহত মানুষের জন্যও নিরাপদ না হয়, তবে সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায়—এই জবাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান যৌথ বিবৃতিতে উসকানি দিয়ে জনতাকে উত্তেজিত করা এবং চিকিৎসাধীন একজন মানুষকে হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে হত্যার তীব্র নিন্দা জানান। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এক বিবৃতিতে ঘটনাটিকে মানবিক মর্যাদা ও জীবনের অধিকারের প্রতি চরম অবজ্ঞা বলে উল্লেখ করেছে। সংস্থাটি বলেছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলে তাঁর বিচার করার দায়িত্ব আদালত ও আইনানুগ কর্তৃপক্ষের এবং আইন নিজের হাতে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অধিকার কোনো গোষ্ঠীর নেই।