উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোতে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি টেকসই করতে শুধু বিনিয়োগ ও রফতানির ওপর নির্ভর না করে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির ‘রিজিওনাল ইকোনমিক আউটলুক- এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারগুলোর আয়, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে ভোগব্যয় বৃদ্ধি করা জরুরি। আইএমএফের মতে, বয়স্কদের পেনশন সুবিধা বাড়ানো, নিম্ন আয়ের পরিবারকে শর্তসাপেক্ষে নগদ সহায়তা প্রদান এবং শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বাড়ালে মানুষের ভোগব্যয় বাড়বে। এসব সংস্কারের ব্যয় মেটাতে সরকারি ব্যয়ের অগ্রাধিকার পুনর্নির্ধারণ ও দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। অতিরিক্ত আর্থিক চাপ না বাড়িয়ে চলমান ব্যয়ের মাধ্যমেই অর্থের সংস্থান করা সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে, পেনশনের প্রতিস্থাপন হার বাড়িয়ে এবং অবসরের বয়সসীমা পুনর্নির্ধারণ করলে ২০১৬ থেকে ২০৫০ সালের মধ্যে ভোগব্যয় বছরে গড়ে ০.৫ থেকে ২.৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এছাড়া আয় নিয়ে অনিশ্চয়তায় থাকা পরিবারগুলোকে সহায়তা এবং নারীর কর্মসংস্থান বাড়ালে দীর্ঘমেয়াদে উৎপাদন ৬.৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।